রাজনীতিবিদরা ঠিক হলেই দেশ বদলে যাবে: স্পিকার

দেশের বর্তমান অবস্থার জন্য সরাসরি রাজনীতিবিদদেরই দায়ী করলেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পাশাপাশি, বিগত তিনটি নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে এবারের জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। কমিটি গঠনের পর দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।

অনুষ্ঠানে সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা বাতিল করে রাজনৈতিক দলগুলোকে সরাসরি এক-তৃতীয়াংশ আসনে নারী মনোনয়ন দেয়ারও জোরালো পরামর্শ দিয়েছেন স্পিকার।

অনুষ্ঠানে দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ  বলেন, যাঁরা রাজনীতি করেন না, তাদের পক্ষে দেশ কীভাবে এবং কেন চলে তা বোঝা বেশ মুশকিল। দেশের আজকের যে অবস্থা, তার জন্য সবচেয়ে বেশি দায়ী রাজনীতিবিদরাই। তাঁর মতে, রাজনীতিবিদরা নিজেদের শুধরে নিলে এবং ঠিক হয়ে গেলেই পুরো দেশ বদলে যাবে।

রাজনীতিবিদদের আত্মসমালোচনা করে তিনি আরও বলেন, আমরা রাজনীতিবিদরা দলের রাজনীতি করে কীভাবে নিজেরা সুবিধা নেব, তা নিয়েই ব্যস্ত থাকি। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর কথা আমাদের আর মাথায় থাকে না।

নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে স্পিকার বিগত তিনটি জাতীয় নির্বাচনের কঠোর সমালোচনা করেন। সেগুলোকে 'প্রহসনের নির্বাচন' উল্লেখ করে তিনি দাবি করেন, দেশে এখন আর সেই প্রহসনের সংস্কৃতি নেই; বরং এবারের জাতীয় নির্বাচন হয়েছে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য।

বক্তব্যের এক পর্যায়ে নারী নেতৃত্ব ও সংসদে তাঁদের প্রতিনিধিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি মনে করেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সুবিধাবঞ্চিত নন; বরং তাঁরা নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেয়ার এখনই উপযুক্ত সময়। সংরক্ষিত আসনের পরিবর্তে প্রতিটি রাজনৈতিক দলকে সরাসরি নির্বাচনের মাধ্যমে মোট আসনের এক-তৃতীয়াংশ আসনে নারীদের মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন তিনি।