বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। জবাবে আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেছেন আলবানিজ।  

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে দুই প্রধানমন্ত্রীর মধ্যে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।   

বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আশা ব্যক্ত করেন।  

বৈঠকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ ও সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানোর আহবান জানান। আলোচনায় দুই দেশের প্রধানমন্ত্রী কৃষি খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।   

রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার জোরালো ভূমিকা কামনা করেন। এ লক্ষ্যে দেশটির কূটনৈতিক তৎপরতা আরও বাড়ানোর আহবান জানিয়ে তারেক রহমান বলেন, রোহিঙ্গা সঙ্কটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত।

জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আলোচনায় প্রধানমন্ত্রী কপ-৩১-এর চলমান প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন।

এ সময় বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে; পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ এবং খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।