বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা নীতির আলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।’

আজ তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। 

এ সময়ে তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরসহ পাঁচ প্রস্তাব তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এ চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করছে উল্লেখ করে তিনি বলেন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।

২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি বলেন, বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

বাংলাদেশে সবুজ শিল্পায়নকে উৎসাহিত করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা সম্প্রসারণ, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরিতে কাজ করছে।

পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর লক্ষ্য হচ্ছে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত ও ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করা।

এছাড়া উপকূলীয় জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ানো যায়।

জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত এবং উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্যে আর ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। পাশাপাশি তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।

এ প্রেক্ষাপটে পাঁচটি প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।

দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো উদ্যোগসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।

তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।

চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গতি বাড়াতে হবে।

পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে একটি ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।

প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

প্রধানমন্ত্রী একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এ সম্মেলন থেকে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে বাংলাদেশ আশা করে।

তিনি বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।

একাত্তর/এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আর কোনো ঋণের বোঝা নয়, বরং সরাসরি অনুদান ও ন্যায্য আর্থিক সহায়তার জোরালো দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার তুরস্কের...
স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সবুজ শিল্পায়নে সহায়তার জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন, পরিবেশবান্ধব পণ্যের ন্যায্য মূল্য এবং সহায়ক বাণিজ্যনীতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন...
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে ঋণের পরিবর্তে অনুদান দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
হরমুজ প্রণালীতে অননুমোদিত পথে চলাচলের অভিযোগে দুটি বিশাল তেলবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। জাহাজ দুটিতে মোট ৪০ লাখ ব্যারেলের...
মুক্তির আগেই ইতিহাস গড়ছে বহুল প্রতীক্ষিত ভিডিও ‘গেম গ্র্যান্ড থেফট অটো’ VI বা জিটিএ-সিক্স। সেন্সর টাওয়ারের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গেমটির প্রি-অর্ডার ইতোমধ্যে ১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং...
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের পাঁচ ও ছয় মে হেফাজতে ইসলামের সমাবেশ ও তার পরবর্তী সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর