নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সরকার লড়াই চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ঢাকা ও সারা দেশের নদীগুলোর সৌন্দর্য ও পরিবেশ ফিরিয়ে আনতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর বসিলায় ‘রান ফর ক্লিন রিভার’ প্রতিপাদ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আয়োজনে ওয়াকওয়ে রান ম্যারাথন অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
শেখ রবিউল আলম বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে নদী নিয়ে আলাদাভাবে ভাবতে হয় না। কিন্তু বাংলাদেশে নদী রক্ষা করতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সরকার লড়াই চালিয়ে যাচ্ছে।’
সরকারি জমি দখল এবং নদীতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
রাজধানীর পাঁচটি নদী সংরক্ষণ ও ব্যবহারের পরিকল্পনার কথা তুলে ধরে শেখ রবিউল আলম বলেন,‘নদী দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নিয়মিত চক্রাকারে নৌযান চলাচল, নদীগুলোর মধ্যে সংযোগ স্থাপন এবং দুই তীরে হাঁটার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে।’