স্লিপার বাস চলাচলের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে স্লিপার বাস পরিচালনা, চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে অননুমোদিত স্লিপার বাস চলাচল বন্ধ এবং এ ধরনের বাস পরিচালনায় নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ বিষয়ে রুল জারি করেন।
রুলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট নয় বিবাদীকে আগামী ছয় সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
গত ২ নভেম্বর ১৯ জন স্লিপার বাসমালিক একত্রে এ রিট আবেদন করেন।