দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনার দ্বারপ্রান্তে বাংলাদেশ। পারমাণবিক যুগের পথে বড় মাইলফলক ছুঁয়ে মঙ্গলবার মধ্যে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ (আরএনপিপি)।
এই পরীক্ষামূলক সংযোগের মাধ্যমে কেন্দ্রটিতে উৎপাদিত বিদ্যুৎ কীভাবে জাতীয় গ্রিডে সঞ্চালিত হয় এবং এই বাড়তি বিদ্যুৎ সরবরাহের বিপরীতে বিদ্যুৎ ব্যবস্থা কীভাবে সাড়া দেয়, বিশেষ করে গ্রিডের ফ্রিকোয়েন্সি স্থিতিশীল রাখার সক্ষমতা, তা গভীরভাবে মূল্যায়ন করা হবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম জানিয়েছেন, কেন্দ্রটিকে গ্রিডের সঙ্গে যুক্ত করার সার্বিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক তাকে নিশ্চিত করেছেন যে, মঙ্গলবারের মধ্যেই এটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে।
তবে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিবি) একজন কর্মকর্তা জানান, এর আগেও কেন্দ্রটিকে গ্রিডের সঙ্গে সংযুক্ত (সিনক্রোনাইজ) করার কয়েকটি প্রচেষ্টা নানা কারণে সফল হয়নি। তবে এবার একটি নির্দিষ্ট সময়সূচির ভিত্তিতে এই কার্যক্রম সম্পন্ন হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন বলেন, উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে সঞ্চালনের জন্য কেন্দ্রটি এখন পুরোপুরি প্রস্তুত। এই সমন্বয় প্রক্রিয়াটি বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক কর্মসূচিরই একটি স্বাভাবিক অংশ। তিনি জানান, ইতোমধ্যে টারবাইনের সমন্বয় কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন পরবর্তী ধাপ হিসেবে বিদ্যুৎ সরবরাহের পর জাতীয় গ্রিড কেমন আচরণ করে এবং পুরো ব্যবস্থা স্থিতিশীল ফ্রিকোয়েন্সি বজায় রাখতে পারে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা হবে।
তিনি আরও বলেন, চূড়ান্তভাবে কেন্দ্রটিকে গ্রিডের সঙ্গে যুক্ত হতেই হবে। সব কিছু ঠিকঠাক থাকলে এবং ব্যবস্থা স্থিতিশীল থাকলে এটি কয়েক ঘণ্টা পর্যন্ত চালু থাকতে পারে। তবে কোনো কারিগরি জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে দেয়া হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে পুনরায় যুক্ত করা হবে। এগুলো কমিশন চালুকরণের সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়া।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এই পরীক্ষামূলক সংযোগ ও প্রাথমিক পদক্ষেপে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে। পারমাণবিক বিদ্যুতের এই প্রাথমিক সংযুক্তি দেশের সামগ্রিক বিদ্যুৎ খাতের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।