শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সরকার আগের অবস্থানেই অনড় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘প্রত্যর্পণ নিয়ে সরকার আগে যা বলেছে, সেটিই তাদের অবস্থান।’
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘মুসলিম এইড ইউকে’ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, ‘দণ্ডিত আসামি শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা প্রত্যর্পণ নিয়ে আগে যা বলেছি, সেটাই আমাদের অবস্থান।’
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাতের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন,‘বৈঠকে মূলত দুই দেশের ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে।’
এর আগে অনুষ্ঠানে প্রায় ১৯ হাজার প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপ্তি এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের সনদ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণই শেষ কথা নয়। প্রশিক্ষণকে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই আয়ের সুযোগে রূপান্তর করতে হবে। অর্জিত দক্ষতা দেশের অর্থনীতি ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রয়োজন। প্রশিক্ষণ নেওয়া কেবল শুরু, এরপর প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য অর্থবহ কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ নিশ্চিত করা জরুরি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য টেকসই আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, নিয়োগকর্তা ও বেসরকারি খাতের মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে তরুণদের নতুন চ্যালেঞ্জ গ্রহণ, নিজস্ব ব্যবসা গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ তৈরি করতে হবে।’
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।