হৃদযন্ত্রে সফলভাবে রিং (স্টেন্ট) পরানোর পর চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে সাখাওয়াত হোসেনকে রাজধানীর সংশ্লিষ্ট হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
এর আগে গত ১৪ নভেম্বর সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তার হৃদ্যন্ত্রের রক্তনালিতে ব্লক শনাক্ত করেন চিকিৎসকেরা। পরদিন বিকেলে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রের দুটি ব্লকে রিং পরান এবং অপর ব্লকটিতে ডাইলেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতি প্রয়োগ করেন। হাসপাতালে একদিন সিসিইউ ও পরবর্তীতে কেবিনে পর্যবেক্ষণে থাকার পর আজ তিনি নিজ বাসায় ফেরেন।