চলমান শ্রমিক অসন্তোষ ও আকাশছোঁয়া মূল্যস্ফীতির প্রেক্ষাপটে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শ্রমিকদের জীবনযাত্রার প্রকৃত ব্যয় এবং বর্তমান বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এই নতুন বেতন কাঠামোর সুপারিশ তুলে ধরা হয়েছে।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এ সময় সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
সিপিডির গবেষণায় বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সম্ভাব্য মজুরির তিনটি ভিন্ন স্তর তুলে ধরা হয়েছে। প্রথমত, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা মজুরির ক্রয়ক্ষমতা বর্তমান বাজারে ধরে রাখতে হলে ন্যূনতম মজুরি অন্তত ১৬ হাজার ৩৫১ টাকা হতে হবে; তবে এটি শ্রমিকদের জীবনমান বাড়াবে না, কেবল আগের অবস্থায় টিকিয়ে রাখবে।
দ্বিতীয়ত, চার সদস্যের একটি পরিবারকে উচ্চ দারিদ্র্যসীমার মধ্যে কোনোমতে টিকে থাকতে হলে প্রতি আয়কারীকে অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা উপার্জন করতে হবে।
তৃতীয়ত, খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রেখে একটি মৌলিক ও সম্মানজনক জীবনযাপনের জন্য চার সদস্যের পরিবারের একজন কর্মীর অন্তত ২৪ হাজার ২০৪ টাকা প্রয়োজন। এই হিসাবের ভিত্তিতেই সিপিডি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে মজুরি নির্ধারণের সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. নাজনীন আহমেদ বলেন, বর্তমান অর্থনৈতিক চাপে কোনো আবেগ বা সংঘাতময় প্রক্রিয়ার পরিবর্তে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে মজুরি নির্ধারণ করা জরুরি।
উল্লেখ্য, ২০২৩ সালে ১২ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণের পর ২০২৬ সালের অক্টোবরে শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে রাজপথে নামেন। পরবর্তীতে সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করলে শ্রমিক পক্ষ থেকে ৩২ হাজার টাকা প্রস্তাব দেওয়া হয়, তবে মালিকপক্ষের সুনির্দিষ্ট প্রস্তাব এখনো অপেক্ষাধীন।
প্রতিবেদনে উভয় পক্ষের বাস্তবতাও তুলে ধরা হয়েছে। মালিকপক্ষের মতে, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক ঋণের চড়া সুদহার, গ্যাস-বিদ্যুতের সংকট এবং আন্তর্জাতিক বাজারে পোশাকের দরপতনের কারণে অতিরিক্ত মজুরির বোঝা বহন করা তাদের জন্য কঠিন। অন্যদিকে শ্রমিক প্রতিনিধিদের দাবি, নিত্যপণ্য ও বাড়িভাড়ার অস্বাভাবিক বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে জীবনযাত্রার খরচ মেটানোর মতো মজুরি নিশ্চিত করার বিকল্প নেই।
পোশাক খাতে স্থায়ী শান্তি ফেরাতে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে সিপিডি বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করেছে। এর মধ্যে রয়েছে, অনাকাঙ্ক্ষিত অসন্তোষ এড়াতে মজুরি পুনর্বিবেচনার অন্তত ছয় মাস আগে মজুরি বোর্ড গঠন করা; দরকষাকষির পরিবর্তে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সঠিক উপাত্ত ও পরিবারের প্রকৃত আকার বিবেচনায় নেওয়া এবং বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লিখিত মূল্যস্ফীতি ও উৎপাদনশীলতাসহ ১১টি মানদণ্ডের জন্য সুনির্দিষ্ট পরিমাপক তৈরি করা। এছাড়া আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোকে পোশাকের ন্যায্যমূল্য প্রদান ও সোর্সিং নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানানো হয়েছে।
সিপিডি সতর্ক করে বলেছে, ২০২৯ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে রয়েছে। ফলে ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান রপ্তানি বাজারগুলোতে টিকে থাকতে এবং জিএসপি প্লাস সুবিধা অর্জন করতে কারখানায় শোভন কর্মপরিবেশ ও শ্রমিকদের জন্য ‘লিভিং ওয়েজ’ বা জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করা এখন সময়ের দাবি।