মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে তিন ঘণ্টাব্যাপী রায় পাঠের শেষ পর্বে আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া ৯-৬ ভোটে এই রায় ঘোষণা করেন। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এই রায়কে রোহিঙ্গা সংকট সমাধান ও নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বড় ভিত্তি হিসেবে দেখছেন।
রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, তারা আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে স্বাগত জানান এবং এতে সন্তুষ্ট। রায়ের গুরুত্ব তুলে ধরে তিনি উল্লেখ করেন, এখানে ক্ষতিপূরণের বিষয়টি এসেছে এবং এর কিছু গুরুতর প্রভাব পড়বে।
হুমায়ুন কবিরের মতে, দীর্ঘদিনের কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র নীতির একটি বড় সাফল্যের জায়গা হলো বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব বাংলাদেশের হাতে থাকা। পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আসীন থাকায় জাতিসংঘ ও নিরাপত্তা কাউন্সিলসহ বিভিন্ন ফোরামে বাংলাদেশের কণ্ঠস্বর ও অবস্থান আরও জোরালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এই রায়ের ফলে ওআইসিভুক্ত দেশ, আসিয়ানভুক্ত রাষ্ট্র এবং থাইল্যান্ডসহ আঞ্চলিক দেশগুলোকে একসঙ্গে নিয়ে আরও শক্তভাবে কথা বলার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করার বড় সুযোগ তৈরি হয়েছে বলে জানান তিনি। সার্বিকভাবে এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন হুমায়ুন কবির।
অপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এই রায় বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। বহু বছর ধরে বাংলাদেশ সরকার যে অবস্থান নিয়ে আসছে, মিয়ানমারের সঙ্গে সংলাপ চালিয়েছে এবং রোহিঙ্গা সংকটকে বিশ্ব পরিমণ্ডলে প্রাসঙ্গিক রাখতে যে উদ্যোগ নিয়েছে, যেমন জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গাদের নিয়ে উচ্চ পর্যায়ের আয়োজন, আজকের রায় সেই সব প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
শামা ওবায়েদের ভাষায়, এখন আন্তর্জাতিক মহলের প্রতি বাংলাদেশের প্রধান আহ্বান হলো, এই রায়কে ভিত্তি ধরে মিয়ানমার সরকার এবং রাখাইন রাজ্যে সক্রিয় আরাকান আর্মির ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা, যাতে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরু করা যায়।
মিয়ানমার সরকার এবং রাখাইন স্টেটে আরাকান আর্মির দীর্ঘ ১০-১২ বছরের নির্যাতন ও সহিংসতার ইতিহাস তুলে ধরে শামা বলেন, তাদের কর্মকাণ্ডে বিন্দুমাত্র অনুশোচনার ছাপ দেখা যায়নি। নতুন করে কোনো অত্যাচার বা অনাচার নেমে আসার শঙ্কা থাকলেও বাংলাদেশ সম্পূর্ণ সজাগ রয়েছে বলে জানান তিনি।
সীমান্তে নিয়োজিত সদস্য ও সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রতিদিন পরিস্থিতি তত্ত্বাবধান ও মোকাবিলা করছেন। রোহিঙ্গাদের ওপর আর কোনো নিপীড়ন নেমে আসুক, তা বাংলাদেশ কখনোই চায় না এবং এর তীব্র প্রতিবাদ জানান তিনি। একই সঙ্গে তাঁর আশা, মিয়ানমার সরকার ও আরাকান আর্মি বাস্তবতা বুঝবে যে রোহিঙ্গারা সম্মানের সাথে নিজ দেশে ফিরতে চায় এবং তারা আজকের এই রায়কে সম্মান জানিয়ে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করবে।