রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় মিয়ানমারকে মানতে হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন যে, এই রায় বাস্তবায়ন মিয়ানমারের জন্য কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং আইনগতভাবে বাধ্যতামূলক; আর রায় কার্যকর করতে প্রয়োজনে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে।
শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা শরণার্থী শিবিরের ফুটবল মাঠে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আইসিজের ঐতিহাসিক রায়ের পরদিন আয়োজিত এই সমাবেশে বিভিন্ন ক্যাম্প থেকে আসা হাজারো রোহিঙ্গা নারী, পুরুষ ও তরুণ অংশ নেন। তাদের হাতে ছিল গণহত্যার বিচার, নাগরিকত্ব ও নিরাপদ প্রত্যাবাসনের দাবিসংবলিত নানা প্ল্যাকার্ড।
সমাবেশে ড. খলিলুর রহমান বলেন, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর যা ঘটেছে, তা নিঃসন্দেহে গণহত্যা। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত এ বিষয়ে যে ঐতিহাসিক রায় দিয়েছেন, তাতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, নারী ও শিশুদের ওপর নির্মম হামলা এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো জঘন্য অপরাধের প্রমাণ উঠে এসেছে। এমনকি এসব নৃশংসতায় অন্তত ১০ হাজার মানুষের প্রাণহানির তথ্যও আদালতের রায়ে স্থান পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আদালত রোহিঙ্গাদের মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যা রোহিঙ্গাদের দীর্ঘদিনের সংগ্রাম ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার বড় স্বীকৃতি। কোনো বিচারিক রায় হয়তো মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারে না কিংবা সব ক্ষত সারিয়ে তুলতে পারে না, কিন্তু সত্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই ন্যায়বিচারের আসল যাত্রা শুরু হয়। গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত, বিচার ও শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি রোহিঙ্গাদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এমন নৃশংসতা রোধে কার্যকর পদক্ষেপ নিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান তিনি।
প্রত্যাবাসন প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, রোহিঙ্গারা বারবার নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সেই প্রত্যাবাসন হতে হবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ। মিয়ানমারে তাঁদের নিরাপত্তা, নাগরিকত্ব, অবাধ চলাচল এবং বৈষম্যহীনভাবে বসবাসের পূর্ণ নিশ্চয়তা থাকতে হবে; কাউকে কোনোভাবেই বিপদের মুখে ঠেলে দিয়ে ফেরত পাঠানো যাবে না। নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত শরণার্থী শিবিরগুলোতে মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সরকার ও জনগণের একার পক্ষে এই বিশাল বোঝা বহন করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের মানবিক সহায়তায় অর্থায়ন বাড়াতে হবে।
সমাবেশে রোহিঙ্গাদের আশ্বস্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের বঞ্চনা ও দাবির কণ্ঠস্বর তিনি নিউইয়র্কে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের কাছে পৌঁছে দেবেন, বিশেষ করে রোহিঙ্গা নারী, শিশু ও তরুণদের কথা বিশ্বমঞ্চে তুলে ধরবেন। দ্য হেগে ন্যায়বিচারের যে যাত্রা শুরু হয়েছে, তা কক্সবাজারের শরণার্থী শিবির থেকে রাখাইনে রোহিঙ্গাদের নিজ গ্রাম পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমাবেশে রোহিঙ্গা নেতারাও নিজেদের আকুতি ও দাবির কথা তুলে ধরেন। রোহিঙ্গা নেতা মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, আন্তর্জাতিক আদালতের রায়ে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিসত্তার পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “আমরা মর্যাদা, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যেতে চাই। আমরা অন্য কোনো দেশের মানুষ নই; আদি থেকেই বার্মার বাসিন্দা এবং হাজার বছর ধরে মিয়ানমারে বসবাস করে আসছি। ইজ্জত ও সম্মান নিয়ে সেখানে ফিরতে চাই।”
মিয়ানমারের বসিডঙের লম্বাবিল এলাকার বাসিন্দা রোহিঙ্গা মোহাম্মদ আলিম নির্যাতনের শিকার হয়ে ভিটেমাটি ছাড়ার স্মৃতিচারণ করে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করে দেশে ফেরার দাবি জানান। আরেক রোহিঙ্গা নেতা খিং মং আশা প্রকাশ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি তাঁর দায়িত্ব ও অবস্থান কাজে লাগিয়ে আইসিজের রায় বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং শুক্রবার সকালে রোহিঙ্গা শিবির পরিদর্শন ও সমাবেশ শেষে দুপুরে ঢাকার উদ্দেশে রওনা হন। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এবং নোয়াখালীর ভাসানচরের বিভিন্ন শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের বড় অংশই ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধনযজ্ঞের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন।