রোহিঙ্গাদের ক্ষতিপূরণ নিশ্চিতে কাজ করবে বাংলাদেশ: হুমায়ুন কবির

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করবে বাংলাদেশ।

শুক্রবার সকাল ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইসিজের রায় পরবর্তী প্রতিক্রিয়ায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ কথা জানান।

ব্রিফিংয়ের শুরুতেই বিশ্ব আদালতের এই রায়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, আইনগত, নৈতিক ও মানবিক, সব বিবেচনাতেই এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার ভবিষ্যৎ নির্ধারণেও এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, ক্ষতিপূরণের বিষয়টি বিশেষভাবে ভুক্তভোগী রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা আদায়ে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া হবে।

আদালতের পর্যবেক্ষণের বিষয়গুলো তুলে ধরে হুমায়ুন কবির জানান, আন্তর্জাতিক বিচার আদালত সুস্পষ্টভাবে সিদ্ধান্ত দিয়েছেন যে মিয়ানমার রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে। কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, কঠোর বিধিনিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে রোহিঙ্গাদের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে বলে আদালতের রায়ে উঠে এসেছে।

এ ছাড়া গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের বিচারের ক্ষেত্রে মিয়ানমারের আন্তর্জাতিক আইনগত দায় লঙ্ঘন এবং ২০২০ সালে আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশ অনুযায়ী গণহত্যার প্রমাণ সংরক্ষণে দেশটির ব্যর্থতার বিষয়টিও প্রমাণিত হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, গণহত্যা প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, সব ধরনের সহিংসতা বন্ধ এবং গণহত্যায় জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের যথাযথ প্রতিকার, পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে।

তিনি জোর দিয়ে বলেন, আইসিজের এই রায় চূড়ান্ত; এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই এবং মামলার পক্ষগুলোর জন্য এই রায় প্রতিপালন করা আইনগতভাবে বাধ্যতামূলক।

বাংলাদেশ এই মামলাটির আনুষ্ঠানিক পক্ষ না হলেও প্রতিবেশী রাষ্ট্র এবং প্রায় এক দশক ধরে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশ হিসেবে পুরো বিচারিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলে জানান প্রতিমন্ত্রী। ২০১৯ সালের ১১ নভেম্বর রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে মামলাটি দায়ের করার জন্য গাম্বিয়া সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

একই সঙ্গে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং গাম্বিয়ার পক্ষে আদালতে লিখিত বক্তব্য দেওয়া দেশগুলোর প্রতিও ধন্যবাদ জানান হুমায়ুন কবির।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারে বাসভূমিতে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর সমাধান। বাংলাদেশের বিশ্বাস, ঐতিহাসিক এই রায় রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার পথ সুগম করতে একটি শক্তিশালী অনুঘটক হিসেবে কাজ করবে। রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যে শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে প্রত্যাবাসন নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তের কথা না জানিয়ে তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সবশেষে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থাগুলোর প্রতি জোরালো আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

 

একাত্তর/এআরএস
রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাংলাদেশের অবস্থানকে আরও জোরদার করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রায়টিকে স্বাগত জানিয়ে রোহিঙ্গাদের...
মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়ে...
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সঙ্কট আশ্রয়শিবিরের তরুণ-তরুণীদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় গভীর প্রভাব ফেলছে। ব্র্যাকের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, রোহিঙ্গা তরুণদের প্রায় অর্ধেক পড়াশোনা বা...
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ‘ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশ। সোমবার ওয়াশিংটন ডিসি থেকে...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবারও চিঠি পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবীদের...
টানা কয়েক দিন বঙ্গোপসাগরে অবস্থান করে শক্তি সঞ্চয় করে ‘প্রবল ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়েছিল ‘আকভান’। ঘণ্টায় ১১৭ কিলোমিটার গতিবেগে উপকূলের দিকে ধেয়ে এলেও শুক্রবার ভারতের অন্ধ্র-ওডিশা উপকূলে আঘাতের আগেই...
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যা নিয়ে বিশ্ব আদালতে ঐতিহাসিক নৈতিক ও আইনি বিজয়ের পরও সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এই রায় আদৌ বাস্তবায়িত হবে কি না। কারণ, আইসিজের নিজস্ব কোনো বলপ্রয়োগকারী...
উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও নাশকতার অভিযোগে ১৭২ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর