হত্যা-আগুন সন্ত্রাসে নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি

মানুষ হত্যা, আগুন-সন্ত্রাস এবং কলকারখানা বন্ধের মতো আত্মবিধ্বংসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৭ বছর পেরিয়ে গেলেও দেশের মৌলিক সমস্যার সমাধান হয়নি; আর এসব সমস্যার সমাধান না হলে জাতির সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

শুক্রবার ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে ১৮৬ বছরে পা রাখা দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

বক্তব্যে চলমান অস্থিরতা ও নাশকতার প্রতি ইঙ্গিত করে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার এত বছর পরও দেশে নিরীহ মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া, আগুন-সন্ত্রাস এবং কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এই পরিস্থিতি থেকে জাতিকে অবশ্যই বেরিয়ে আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, নিজেদের ধ্বংস করে কোনো জাতি কখনো উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারে না।

ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, এটি শুধু বাংলাদেশের নয়, সমগ্র উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশে এই কলেজের শিক্ষার্থীরা প্রশাসন, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ সর্বক্ষেত্রে মেধা ও নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। তবে বর্তমান সময়ে কলেজের আবাসন ও হোস্টেল সংকট, উন্নত লাইব্রেরি, গবেষণাগার এবং কম্পিউটার সুবিধার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

যে সরকারই দায়িত্বে থাকুক না কেন, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিকে যথাযথ গুরুত্ব দিয়ে আবারও শিক্ষার মানের দিক থেকে শীর্ষ অবস্থানে ফিরিয়ে আনার আহ্বান জানান রাষ্ট্রপতি।

দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক শেষ করে বের হলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। তাই শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর অবদান রাখতে পারে। পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর বিশ্বব্যাপী বিপ্লবের সঙ্গে তাল মেলাতে শিক্ষাব্যবস্থায় তথ্যপ্রযুক্তি ও এআই-এর ব্যবহার বাড়ানোর তাগিদ দেন তিনি।

এ প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষানীতি ও উদ্যোগের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমান শিক্ষাব্যবস্থাকে উন্নয়ন ও কর্মসংস্থান উপযোগী করতে একটি শিক্ষা কমিশন গঠন করেছিলেন। সেই কমিশনের রিপোর্ট সংরক্ষিত আছে কি না, তা খুঁজে দেখার জন্য তিনি শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান। এ ছাড়া সে সময় শিক্ষার্থীদের মাধ্যমে নিরক্ষর মানুষকে সাক্ষরতা দেওয়ার উদ্যোগ এবং এর বিনিময়ে এসএসসি পরীক্ষায় ৫০ নম্বর যুক্ত করার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

শিক্ষকদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষকদের কাজ কেবল শ্রেণিকক্ষের পাঠদানে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের বিবেক, মূল্যবোধ, মুক্তবুদ্ধির চর্চা ও মানবিক চরিত্র গঠনেও তাঁদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারে।

সবশেষে ঢাকা কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শিক্ষামন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন যে বাজেটের কোনো অভাব নেই; এখন প্রয়োজন কেবল সঠিক উদ্যোগ ও কাজের দ্রুত অগ্রগতি। এ ক্ষেত্রে নিজের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।