শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। রুলে ১৬ বছর বা তার কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

এ ছাড়া শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণ এবং এ বিষয়ে নীতিমালা প্রণয়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।