মজুরি বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক শিল্পখাকে সাম্প্রতিক আন্দোলন ও অস্থিরতার পেছনে একটি পক্ষের উস্কানি ছিল বলে অভিযোগ করেছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। তাদের ভাষ্য, আন্দোলনে যোগ দিতে রাজি না হওয়ায় অনেক শ্রমিক হামলারও শিকার হয়েছেন।
তবে শ্রমিকরা স্পষ্ট করে বলেছেন, তারা কোনোভাবেই কারখানা বন্ধ বা ভাঙচুর চান না; বরং কারখানার উৎপাদন সচল রাখার পাশাপাশি বর্তমান জীবনযাত্রার ব্যয় ও বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি বাড়ানো হলে সব ধরনের অসন্তোষ দূর হয়ে যাবে।
কর্মপরিবেশ বিঘ্নিত হওয়ার কারণ দেখিয়ে গাজীপুরের ‘আর রউফ স্টাইল’ নামের একটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার সকালে কারখানাটি খুলে দেওয়ার দাবিতে মূল ফটকের সামনে অবস্থান নেন শ্রমিকরা। শ্রমিকদের দাবি, তাঁরা কাজে ফিরতে চান এবং উৎপাদন অব্যাহত থাকুক সেটাই তাঁদের চাওয়া। তবে কারখানাটি বন্ধের সুনির্দিষ্ট কারণ জানতে চাইলে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ।
গাজীপুর ও আশপাশের বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের একটি বড় অংশ বসবাস করেন টঙ্গীর এরশাদনগর এলাকায়। সেখানেই থাকেন বিউটি আক্তার, যিনি টানা ১২ বছর ধরে একটি পোশাক কারখানায় কাজ করছেন। দীর্ঘ অভিজ্ঞতার পরও তাঁর মাসিক বেতন মাত্র ১৫ হাজার টাকা। এই সামান্য আয়ে প্রতিবন্ধী এক মেয়েসহ চার সদস্যের সংসার চালাতে প্রতিদিনই হিমশিম খেতে হচ্ছে তাঁকে। বিউটি আক্তারের মতো অসংখ্য শ্রমিকেরই একটাই চাওয়া, নিত্যপণ্যের বর্তমান ঊর্ধ্বগতি বিবেচনায় নিয়ে যৌক্তিক মজুরি নির্ধারণ।
এদিকে, চলমান শ্রমিক অসন্তোষের প্রভাবে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে এখনো অন্তত ৫৫টি পোশাক কারখানা বন্ধ রয়েছে। টানা কারখানা বন্ধ থাকায় কাজ ও নিয়মিত বেতন-ভাতা নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন হাজারো শ্রমিক। তাঁদের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের সঙ্গে সংগতি রেখে মজুরি সমন্বয় করা হলে কোনো উস্কানিদাতাই আর শিল্পাঞ্চলকে অস্থিতিশীল করার সুযোগ পাবে না।