পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির যে প্রস্তাব দিলো সিপিডি

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পিএম

চলমান শ্রমিক অসন্তোষ ও আকাশছোঁয়া মূল্যস্ফীতির প্রেক্ষাপটে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শ্রমিকদের জীবনযাত্রার প্রকৃত ব্যয় এবং বর্তমান বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এই নতুন বেতন কাঠামোর সুপারিশ তুলে ধরা হয়েছে।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এ সময় সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সিপিডির গবেষণায় বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সম্ভাব্য মজুরির তিনটি ভিন্ন স্তর তুলে ধরা হয়েছে। প্রথমত, ২০২৩ সালের নভেম্বরে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা মজুরির ক্রয়ক্ষমতা বর্তমান বাজারে ধরে রাখতে হলে ন্যূনতম মজুরি অন্তত ১৬ হাজার ৩৫১ টাকা হতে হবে; তবে এটি শ্রমিকদের জীবনমান বাড়াবে না, কেবল আগের অবস্থায় টিকিয়ে রাখবে।

দ্বিতীয়ত, চার সদস্যের একটি পরিবারকে উচ্চ দারিদ্র্যসীমার মধ্যে কোনোমতে টিকে থাকতে হলে প্রতি আয়কারীকে অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা উপার্জন করতে হবে।

তৃতীয়ত, খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ রেখে একটি মৌলিক ও সম্মানজনক জীবনযাপনের জন্য চার সদস্যের পরিবারের একজন কর্মীর অন্তত ২৪ হাজার ২০৪ টাকা প্রয়োজন। এই হিসাবের ভিত্তিতেই সিপিডি ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে মজুরি নির্ধারণের সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে।


মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. নাজনীন আহমেদ বলেন, বর্তমান অর্থনৈতিক চাপে কোনো আবেগ বা সংঘাতময় প্রক্রিয়ার পরিবর্তে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ও প্রমাণের ভিত্তিতে মজুরি নির্ধারণ করা জরুরি।

উল্লেখ্য, ২০২৩ সালে ১২ হাজার ৫০০ টাকা মজুরি নির্ধারণের পর ২০২৬ সালের অক্টোবরে শ্রমিকরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে রাজপথে নামেন। পরবর্তীতে সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করলে শ্রমিক পক্ষ থেকে ৩২ হাজার টাকা প্রস্তাব দেওয়া হয়, তবে মালিকপক্ষের সুনির্দিষ্ট প্রস্তাব এখনো অপেক্ষাধীন।

প্রতিবেদনে উভয় পক্ষের বাস্তবতাও তুলে ধরা হয়েছে। মালিকপক্ষের মতে, উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক ঋণের চড়া সুদহার, গ্যাস-বিদ্যুতের সংকট এবং আন্তর্জাতিক বাজারে পোশাকের দরপতনের কারণে অতিরিক্ত মজুরির বোঝা বহন করা তাদের জন্য কঠিন। অন্যদিকে শ্রমিক প্রতিনিধিদের দাবি, নিত্যপণ্য ও বাড়িভাড়ার অস্বাভাবিক বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে জীবনযাত্রার খরচ মেটানোর মতো মজুরি নিশ্চিত করার বিকল্প নেই।

পোশাক খাতে স্থায়ী শান্তি ফেরাতে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে সিপিডি বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ পেশ করেছে। এর মধ্যে রয়েছে, অনাকাঙ্ক্ষিত অসন্তোষ এড়াতে মজুরি পুনর্বিবেচনার অন্তত ছয় মাস আগে মজুরি বোর্ড গঠন করা; দরকষাকষির পরিবর্তে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সঠিক উপাত্ত ও পরিবারের প্রকৃত আকার বিবেচনায় নেওয়া এবং বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লিখিত মূল্যস্ফীতি ও উৎপাদনশীলতাসহ ১১টি মানদণ্ডের জন্য সুনির্দিষ্ট পরিমাপক তৈরি করা। এছাড়া আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোকে পোশাকের ন্যায্যমূল্য প্রদান ও সোর্সিং নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানানো হয়েছে।

সিপিডি সতর্ক করে বলেছে, ২০২৯ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে রয়েছে। ফলে ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান রপ্তানি বাজারগুলোতে টিকে থাকতে এবং জিএসপি প্লাস সুবিধা অর্জন করতে কারখানায় শোভন কর্মপরিবেশ ও শ্রমিকদের জন্য ‘লিভিং ওয়েজ’ বা জীবনধারণের উপযোগী মজুরি নিশ্চিত করা এখন সময়ের দাবি।

 

একাত্তর/এআরএস
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নতুন মজুরি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে এবং তা যেকোনো দিন চূড়ান্ত হোক না কেন, সেটি চলতি বছরের ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে বলে স্পষ্ট জানিয়েছেন নিম্নতম মজুরি...
চলতি মাসের মধ্যেই দে তৈরি পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি ঘোষণা করা অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেছেন, গত ১...
পোশাকশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আগামী ২৩ নভেম্বর সভা করবে নিম্নতম মজুরি বোর্ড। সভায় মালিকপক্ষের প্রতিনিধির লিখিত মজুরি প্রস্তাব...
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের নির্ধারিত সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে মালিকদের দুই সংগঠন। সংগঠন দুটি হলো বাংলাদেশ তৈরি পোশাক...
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের...
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে সরকারদলীয় সংসদীয় দলের সভা শুরু হয়েছে।
ব্রাজিলের ফুটবল অঙ্গনে এখন মাঠের খেলার চেয়েও বেশি উত্তাপ ছড়াচ্ছে কথার লড়াই! গত সপ্তাহে প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হারের পর সেলেসাও কোচ কার্লো আনচেলত্তির ওপর রীতিমতো চড়াও হয়েছিলেন ব্রাজিলের...
যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হার বাড়ার প্রত্যাশায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বুধবার লেনদেনে প্রায় ২ শতাংশ দরপতনের পর স্বর্ণের দাম এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর