মজুরি বোর্ডের তৃতীয় সভা চলছে, বেতনের লিখিত প্রস্তাব মালিক পক্ষের

পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) শুরু হওয়া এই সভায় মালিকপক্ষ তাদের লিখিত প্রস্তাব জমা দিয়েছে। সবকিছু ঠিক থাকলে এদিনই নতুন মজুরি কাঠামোর খসড়া চূড়ান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সভায় বিভিন্ন তথ্য-উপাত্ত বিচার-বিশ্লেষণের জন্য বিশেষজ্ঞ হিসেবে তিনজন অংশ নিয়েছেন। তারা হলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, সিনিয়র অতিরিক্ত সচিব নুর মোহাম্মদ আমিন রাসেল এবং বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদুল হক রাজু।

এদিকে নতুন মজুরি কাঠামোয় নিজেদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে মজুরি বোর্ড কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে শ্রমিকদের একাংশ। এই অবস্থানে নেতৃত্ব দিচ্ছেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আহ্বায়ক আবুল হোসেন।

আবুল হোসেন বলেন, শ্রমিক প্রতিনিধি ৩২ হাজার টাকা দাবি করলেও মালিকপক্ষ তাদের প্রস্তাবনায় শ্রমিকদের সন্তুষ্ট করতে পারলে তা মেনে নেওয়া হবে।