১৬ ডিসেম্বর আংশিক চালু, তৃতীয় টার্মিনাল পুরোদমে চলতে ১৪ মাস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে আংশিকভাবে চালু করা হবে। এর আগে টার্মিনালটি পরিচালনার লক্ষ্যে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সই হবে। তবে আংশিক উদ্বোধন হলেও এটি পুরোপুরি চালু হতে আরও সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের এসব কথা বলেন।

বিমানমন্ত্রী জানান, ১৬ ডিসেম্বর উদ্বোধনের দিন প্রথম ফ্লাইটটি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

জাপান কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির শর্ত ও রাজস্ব ভাগাভাগির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, আগে চুক্তিতে আমাদের রাজস্ব অংশীদারত্ব ছিলো ১৫ শতাংশ। জাপানের সঙ্গে আলোচনা করে আমরা সেটি বাড়িয়ে ২৭ শতাংশ করেছি। অর্থাৎ আগের চুক্তির চেয়ে আমরা ১২ শতাংশ রাজস্ব বেশি পাচ্ছি। তবে শুরুতেই আমরা এই ২৭ শতাংশ পাব না; ছয় মাস পর সব উড়োজাহাজ আসা শুরু হলে আমরা পূর্ণ ২৭ শতাংশ রাজস্ব পাবো।

চুক্তির একটি বিশেষ শর্তের বিষয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানি কনসোর্টিয়াম শর্ত দিয়েছে যে আগামী ১৫ বছরের মধ্যে ১০০ কিলোমিটারের ভেতরে নতুন কোনো বিমানবন্দর চালু করা যাবে না। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা সম্ভাব্যতা যাচাই করে দেখেছি, ১০০ কিলোমিটারের মধ্যে নতুন বিমানবন্দরের প্রয়োজন নেই। তাছাড়া একটি বিমানবন্দর নির্মাণ করতে প্রায় ১০ থেকে ১৫ বছর সময় লাগে। যেহেতু ১৫ বছরের মধ্যে আরেকটি বিমানবন্দর চালু করা সম্ভব নয়, তাই আমরা শর্তটি মেনে নিয়েছি। এতে আমরা খুব একটা পিছিয়ে আছি বলে মনে করি না।

এছাড়া কক্সবাজার বিমানবন্দর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সময় নির্ধারণ করে দিলেই এটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উদ্বোধন করা হবে।