মজুরি বোর্ডের চতুর্থ সভা: আজ কি চূড়ান্ত সিদ্ধান্ত? অপেক্ষায় শ্রমিক

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর দুইটায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শুরু হচ্ছে। মালিক ও শ্রমিকপক্ষের দর-কষাকষি শেষে আজকের সভা থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে, সভাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে বোর্ড কার্যালয় ও আশপাশের এলাকায় তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজকের সভায় বরাবরের মতোই বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীসহ ছয় সদস্য উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষজ্ঞ প্রতিনিধি হিসেবে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানসহ আরও তিনজন অংশ নিচ্ছেন।   

মজুরি নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের আগের প্রস্তাবগুলোতে বড়ো ধরনের ব্যবধান থাকায় আজকের সভায় দুই পক্ষ থেকেই নতুন বা সংশোধিত প্রস্তাবনা দেওয়া হবে। উভয় পক্ষের প্রস্তাব ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিরপেক্ষ প্রতিনিধি বোর্ডকে পরামর্শ দেবেন এবং এর ভিত্তিতে বোর্ড চেয়ারম্যান চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন।

আইন অনুযায়ী, মজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত সুপারিশ আকারে সরকারের কাছে পাঠানো হবে এবং তা খসড়া আকারে প্রকাশের ১৪ দিন পর চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে। বর্তমান নিম্নতম মজুরি বোর্ডের মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রয়েছে। সে হিসেবে চলতি নভেম্বর মাসেই যদি মজুরির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে, তবে এটি হবে সবচেয়ে কম সময়ে সিদ্ধান্ত নেওয়া মজুরি বোর্ড।