স্বর্ণদ্বীপে সাঁজোয়া যান নিজেই চালালেন প্রধানমন্ত্রী!

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে চমক দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেবল গ্যালারিতে বসে অনুশীলন দেখাই নয়, বরং সেনাবাহিনীর অফরোড ফোরহুইল ড্রাইভ সাঁজোয়া যানের স্টিয়ারিং হাতে নিয়ে নিজেই চালিয়ে দেখলেন তিনি।

PM Drive Convoy 03
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে পৌঁছালে তিন বাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সামরিক যান চালানোর পাশাপাশি মহড়ার নানা কার্যক্রম ঘুরে দেখেন তিনি এবং মাঠে থাকা সেনাসদস্যদের সঙ্গে সরাসরি কথা বলেন।

এদিন ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ শীর্ষক বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। তিন বাহিনীর বিশেষায়িত সদস্যদের সমন্বিত অভিযান, আধুনিক যুদ্ধকৌশল আর প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

PM Drive Convoy 01
প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষায়িত স্পেশাল ফোর্সের সমন্বয়ে আয়োজিত এই মহড়ায় অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।

মহড়া দেখার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনীও ঘুরে দেখেন তারেক রহমান। সশস্ত্র বাহিনীর সামগ্রিক সক্ষমতা বাড়ানো, তিন বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা এবং আধুনিক যুদ্ধের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর প্রস্তুতি ঝালিয়ে নিতেই এই বিশেষ যৌথ মহড়ার আয়োজন করা হয়।