এআই ও ডিজিটাল মাধ্যমে নারী-শিশু নির্যাতন বাড়ছে: শামা ওবায়েদ

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তির অপব্যবহারে নারী ও শিশু নির্যাতনের ধরন ও সংখ্যা দুটিই বেড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ডিজিটাল ও সামাজিক সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর নেদারল্যান্ডস দূতাবাসে আয়োজিত ‘অরেঞ্জ ডোর ক্যাম্পেইন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নারী ও শিশুদের ওপর নির্যাতনের নতুন নতুন ধরন তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে আরও সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কেবল একটি প্রতিষ্ঠানের প্রচেষ্টা যথেষ্ট নয়। এ জন্য সরকারি-বেসরকারি সংস্থা, তরুণ সমাজ ও সাধারণ নাগরিকদের সমন্বিতভাবে এবং সচেতনতার সঙ্গে কাজ করতে হবে।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের অংশীদারত্বে এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বাস্তবায়নে পরিচালিত ‘সমতায় তারুণ্য-ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের আওতায় এ ক্যাম্পেইন শুরু হয়েছে।

উল্লেখ্য, ২৫ নভেম্বর থেকে বিশ্বব্যাপী শুরু হতে যাওয়া ‘১৬ দিনের অ্যাক্টিভিজম’ এর প্রাক্কালে তরুণদের সম্পৃক্ত করে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে এই ক্যাম্পেইনটির যাত্রা শুরু হলো।