রোহিঙ্গা সমস্যা সমাধানের মতো জাতীয় স্বার্থ ও মানবাধিকারের ইস্যুগুলোতে একটি সার্বিক জাতীয় রাজনৈতিক সমঝোতা জরুরি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (৮ নভেম্বর) রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আয়োজিত নীতি গবেষণা কেন্দ্রের পলিসি ডায়ালগের দ্বিতীয় অধিবেশনে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা কেবল কোনো নির্দিষ্ট দলীয় বিষয় নয়; সমগ্র বাংলাদেশ এবং দেশের সকল রাজনৈতিক দল এই জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ। অতীতের ইতিহাস টেনে তিনি উল্লেখ করেন, বিএনপি সরকারের আমলে অতীতে সফলতা ও মর্যাদা বজায় রেখে সফলভাবে প্রত্যাবাসন সম্পন্ন করা সম্ভব হয়েছিলো। তাই এই সঙ্কট নিরসনে গঠিত জাতীয় কমিটির সঙ্গে সুনির্দিষ্ট প্রস্তাব ও পরমর্শ নিয়ে এগিয়ে আসার জন্য তিনি সকল রাজনৈতিক দলের প্রতি আহবান জানান।
আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার কথা উল্লেখ করে শামা ওবায়েদ জানান, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি মায়ানমার সরকার যাতে তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিত করে, সে জন্য মায়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বজায় রাখতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আদালতসমূহে চলমান বিচার প্রক্রিয়ায় বাংলাদেশ তার নীতিগত সমর্থন ও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেন তিনি।
