জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক চলছে

শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ শুনানি শুরু হয়।

শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, জিয়াউল আহসান বন্দিদের মরদেহ পেট কেটে নদীতে ভাসিয়ে দিতেন। এ কারণে মরদেহগুলো খুঁজে পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার প্রথম দিনের যুক্তিতর্কে জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগের বিবরণ, সাক্ষীদের জবানবন্দি এবং এসব ঘটনায় তার সংশ্লিষ্টতার তথ্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে শতাধিক মানুষকে গুম ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন জিয়াউল আহসান। অন্তত ১১৫ জনকে শনাক্ত করার কথা জানিয়েছে প্রসিকিউশন।

প্রথম দিনের শুনানিতে যুক্তিতর্ক শেষ না হওয়ায় আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পাশাপাশি অ্যাটর্নি জেনারেলেরও বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।