প্রাণিসম্পদ খাতের রপ্তানি বাড়াতে নতুন বাজার খুঁজতে হবে: প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতের রপ্তানি বাড়াতে নতুন নতুন আন্তর্জাতিক বাজার খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ খাতকে আধুনিকায়ন ও সম্প্রসারণে সরকার কাজ করছে। বিশ্ববাজারে প্রবেশ এবং রপ্তানি সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, যে প্রজন্ম পুষ্টিগতভাবে শক্তিশালী হয়, তাদের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা এবং উদ্ভাবনী শক্তিও তত বেশি বিকশিত হয়। 

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।

এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে অবদানের জন্য পুরস্কার বিজয়ীদের হাতে আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ (স্বর্ণ ও রৌপ্য) তুলে দেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে।