ভারত তার প্রতিবেশী সব দেশের সঙ্গে খারাপ কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান, এমন কোনো উদ্যোগ এখনো দেখা যায়নি। তাকে ফিরিয়ে আনার জন্য বিমান চাওয়ার বিষয়টিও অযৌক্তিক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে নারী সাংবাদিকদের সঙ্গে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনার মধ্যে তথ্যমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চান সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, প্রত্যর্পণের আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। তবে শেখ হাসিনা দেশে ফিরতে চান, এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের খবর প্রচারের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এসব খবর বিভ্রান্তিকর। স্থানীয় রাজনীতিতে সুবিধা নিতেই বিজেপি সরকার বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের খবর গণমাধ্যমে প্রচার করছে।
আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ভারত তার প্রতিবেশী সব দেশের সঙ্গে খারাপ কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছে।