তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ‘গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও আওয়ামী লীগের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। দলটির রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক তৎপরতাও সরকার দেখছে না। জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে রাজনীতি করার কোনো সুযোগ নেই।’
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে লুটপাটের চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন,‘বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান অর্থনৈতিকভাবে দেশের যে ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়ে বেশি ক্ষতি করেছে।’
তিনি বলেন, ‘বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে যে ভয়াবহ লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার প্রকৃত চিত্র এখনো জাতিকে পুরোপুরি বোঝাতে না পারা সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। এর ফলে সাধারণ গ্রাহকেরা আজ ব্যাংক থেকে টাকা পাচ্ছেন না।’
খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, ‘শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়ম ও লুটপাটের কারণে ব্যাংকিং খাতের এই করুণ দশা হয়েছে। বর্তমান সরকারের ওপর এই সংকটের দায় চাপানো হলেও এর প্রকৃত কারণগুলো সংবাদমাধ্যমে জোরালোভাবে তুলে ধরা উচিত। বিদ্যুৎ খাতেও অতিরিক্ত মূল্য নির্ধারণের মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে।’
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না। বরং দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং বিগত দিনের লুটপাটের প্রকৃত চিত্র তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা চায় সরকার।’
অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য ছড়ানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিকৃত সংবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যকে আইনের আওতায় আনতে সাইবার নিরাপত্তা আইনটি রাখার চেষ্টা করা হচ্ছে। গত দুই বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তা রোধ করা হবে। পাশাপাশি অনিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যম ও ভুয়া সংবাদ প্রচারকারীদের কীভাবে থামানো যায়, সে বিষয়েও সরকার কাজ করছে।’
নিবন্ধিত গণমাধ্যমগুলোর স্থায়ী মর্যাদা, বিজ্ঞাপনপ্রাপ্তি এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ব্যবহারবান্ধব করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী।
গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ গ্রহণযোগ্যতা উল্লেখ করে তিনি বলেন, ‘তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস লেখার আগে সাংবাদিকদের যেভাবে আতঙ্কে থাকতে হতো, বর্তমান সরকার সেই পরিস্থিতি রাখেনি। সরকার সংবাদমাধ্যমে কোনো হস্তক্ষেপ করছে না।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের এসব কর্মকাণ্ড দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক তৎপরতা দেখা যাচ্ছে না। এসব কর্মকাণ্ড করে দলটি খুব একটা ফায়দা পাবে বলে মনে হয় না। জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে রাজনীতি করার কোনো সুযোগ নেই। আগামী দিনেও এ অধিকার নেই।’
ডিসেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরবেন, এমন প্রচারণাকে রাজনৈতিক ভাঁওতাবাজি উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, ‘নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।’
বিগত সরকারের সময়ে গণমাধ্যম ও ব্যবসায়ীদের একটি অংশের ভূমিকার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘এত গণমাধ্যম নিয়ন্ত্রণ ও দমনপীড়ন চালিয়েও আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে পারেনি।’
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, একজন মালিকের একাধিক গণমাধ্যমের মালিকানা না রাখার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। বিগত সময়ে যারা সীমা লঙ্ঘন করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের বিচার সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিশোধপরায়ণ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ঘটনাকে পুঁজি করে দলটি প্রতিশোধের রাজনীতি করেছে। ফ্যাসিস্ট শক্তি যেন কোনোভাবেই আবার ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। অন্যথায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের জীবন আবারও বিপন্ন হবে।
জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু, সদস্যসচিব ইফতেখার মাহমুদসহ ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।
