ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের ভাতায় আলাদা অধিদপ্তর: মুক্তিযুদ্ধমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত এবং গত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাসিক ভাতা দিতে নতুন একটি অধিদপ্তর খোলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিবেশী দেশের এক মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের এক মন্ত্রী ১৬ ডিসেম্বর বাংলাদেশের একাংশ দখলের ঘোষণা দিয়েছেন। এ ধরনের বক্তব্যকে উসকানিমূলক উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ তাদের উসকানিতে পা দেবে না।

আহমেদ আজম খান আরও বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, জ্বালাও-পোড়াও কিংবা অস্থিরতা সৃষ্টি করে কোনো লাভ হবে না এবং দেশের জনগণ নাশকতার ফাঁদে পা দেবে না। মুক্তিযুদ্ধের চেতনায় সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ আর কখনোই কারও দাসত্ব মানবে না; বাংলাদেশ এখন আর আগের জায়গায় নেই।

সভায় পশ্চিমবঙ্গের ওই মন্ত্রীর ‘বাংলাদেশ দখলের’ মন্তব্যের কড়া সমালোচনা করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না। তিনি মন্তব্য করেন, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা তরুণ প্রজন্ম ও ছাত্রদের আন্দোলনে ভারতে পালিয়ে গিয়ে অগ্নি সন্ত্রাসে উসকানি দিচ্ছেন।

আইনমন্ত্রী বলেন, ক্ষমতার লোভে পড়ে অগ্নি সন্ত্রাস ও জ্বালাও-পোড়াও করে দেশে অস্থিতিশীলতার পাঁয়তারা করা হচ্ছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ জ্বালাও-পোড়াও পছন্দ করে না উল্লেখ করে তিনি বলেন, সেখানে পলাতক ফ্যাসিবাদের সন্ত্রাসীরা সাধারণ মানুষকে জিম্মি করে অপতৎপরতা চালাচ্ছে। সরকার সব অপরাধ আমলে নিচ্ছে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে ২৭ বীর শহিদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।