আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার কথিত লকডাউনকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরিস্থিতি মোকাবিলায় এখনই সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানিয়েছেন তিনি।  

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত তৃতীয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।   

কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ঢাকার বাইরে কয়েকটি জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। পুলিশের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে। রাজধানীতে নিরাপত্তা জোরদার করা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এগুলো রুটিন ওয়ার্ক। এই জাতীয় যেকোনো পরিস্থিতিতে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী মোতায়েন থাকে। 

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়া বা শঙ্কার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।   

এদিকে রোববার ভোরে শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয় এবং সংঘর্ষে দুইজন নিহত হন।  

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওখানে ফজরের নামাজের পরে একটি ঘটনা ঘটেছে। তাদের মধ্যে আন্তঃকলহ বা আন্তর্দ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয়েছে বলে শুনতে পাচ্ছি। বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত করা হয়নি। এতে দুইজনের প্রাণহানি হয়েছে বলেও শুনেছি। তবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্য ফোর্স যথেষ্ট ধৈর্য ও অত্যন্ত কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এখন ওখানকার পরিস্থিতি শান্ত।   

এদিকে, কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কক্সবাজারের সৌন্দর্য আরও বাড়াতে এবং পরিবেশকে সমুন্নত রেখে পর্যটন খাতকে এগিয়ে নিতে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের পর্যটনবিষয়ক এই মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।