রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

রাজধানীর যাত্রাবাড়ী ও গাবতলীতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজনের নাম তাবরিজ স্বপন, যার আনুমানিক বয়স ৬০ বছর। অন্যজনের নাম শাহাদাত হোসাইন, যার আনুমানিক বয়স ১৭ বছর।

শুক্রবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে যাত্রাবাড়ী স্পিডবাগ সিএনজি পাম্প-সংলগ্ন রাস্তায় ও রাত সাড়ে ১২টার দিকে গাবতলী তিন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত তাবরিজ স্বপন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসিন্দা। তিনি পরিবারের সঙ্গে কদমতলী মেরাজ নগর এলাকায় থাকতেন ও শাহাদাতের বাবার নাম রইসউদ্দিন। তার বাড়ি গাইবান্ধায়।

যাত্রাবাড়ী থানার এসআই আব্দুল খালেক জানান, রাত ৯টার দিকে যাত্রাবাড়ী স্পিডবাগ সিএনজি পাম্প-সংলগ্ন রাস্তায় পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই স্বপনের মৃত্যু হয়।

আরও পড়ুন: ঠেলাগাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

দারুসসালাম থানার এসআই বায়েজিদ মোল্লা জানান, রাত সাড়ে ১২টার দিকে গাবতলী তিন রাস্তার মোড়ে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে শাহাদাতের মৃত্যু হয়। সে নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রীর সহকারী ছিল।


একাত্তর/আরএ