জলবায়ু অর্থায়নে তরুণদের প্রবেশাধিকার বাড়ানো, বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ সংলাপের আয়োজন করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। রিজিওনাল কনফারেন্স অব ইয়ুথ—এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক ২০২৬-এর অংশ হিসেবে ‘ফ্রম ক্লাইমেট ফাইন্যান্স টু ইয়ুথ অ্যাকশন: অ্যাকসেস, অপরচুনিটিজ অ্যান্ড ব্যারিয়ার্স ফর ইয়াং পিপল’ শীর্ষক এ অনুষ্ঠানটি রোববার (৪ অক্টোবর) আয়োজিত হয়।
অনুষ্ঠানে জলবায়ু কর্মকাণ্ডে তরুণদের ক্রমবর্ধমান নেতৃত্ব প্রশংসিত হলেও প্রয়োজনীয় অর্থায়নে তাদের সীমিত প্রবেশাধিকারের বিষয়টি বড়ো চ্যালেঞ্জ হিসেবে উঠে আসে। জটিল আবেদন প্রক্রিয়া, আইনি ও প্রাতিষ্ঠানিক যোগ্যতার শর্ত, জলবায়ু অর্থায়ন বিষয়ে ধারণার অভাব এবং উদ্ভাবনী উদ্যোগগুলোকে দীর্ঘমেয়াদে টেকসই ও সম্প্রসারণ করার নানা প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটি যুব নেতৃত্বাধীন জলবায়ু সমাধানের জন্য একটি নতুন সহজ ও নমনীয় অর্থায়ন ব্যবস্থা চালুর পরিকল্পনা প্রকাশ করেছে, যা আগামী নভেম্বর ২০২৬-এর শুরুতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো তরুণ জলবায়ু উদ্যোক্তাদের জন্য অর্থায়নে প্রবেশের পথ সহজ করা এবং তাদের সম্ভাবনাময় ধারণাকে টেকসই সমাধানে রূপান্তর করা।
সংলাপে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার যুব নেতৃত্বাধীন জলবায়ু উদ্যোগে বিনিয়োগ করতে আগ্রহী এবং এ ধরনের উদ্যোগকে এগিয়ে নিতে উন্মুখ।
সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা যুব নেতৃত্বাধীন উদ্যোগের ধারাবাহিকতা ও স্বাতন্ত্র্যের ওপর গুরুত্ব আরোপ করেন। অন্যদিকে, বাংলাদেশে গ্রিন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) লিয়াজোঁ অফিসার জুয়েল মাহমুদ তরুণদের জলবায়ু অর্থায়নবিষয়ক জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার আহবান জানান।
তরুণদের আত্মবিশ্বাসের সঙ্গে অর্থায়নের সুযোগ অনুসন্ধানের তাগিদ দিয়ে বাংলাদেশে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন জ্যানিস হুসাইন বলেন, নিজেদের ধারণা ও উদ্যোগ বাস্তবায়নের জন্য অর্থায়ন চাইতে তরুণদের হীনম্মন্যতায় ভোগা কিংবা ভয় পাওয়া উচিত নয়।
গ্লোবাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কাউন্সিলের (জিএসসিসি) বাংলাদেশ লিড ফারাহ আনজুম বলেন, জলবায়ু অর্থায়নকে কেবল প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে তরুণদের জন্য বাস্তব সম্ভাবনা তৈরি করতে হবে এবং তাদের ওপর আস্থা রাখতে হবে।
অনুষ্ঠানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার (ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড রেজিলিয়েন্স) কামরুল হাসান শাওন ‘দ্য মেজ, দ্য মিরর অ্যান্ড দ্য ব্রিজ’ ধারণার মাধ্যমে জলবায়ু অর্থায়নের বিদ্যমান কাঠামোগত বাধা, তরুণদের প্রস্তুতির ঘাটতি এবং অর্থায়নের সুযোগের সঙ্গে যুব সমাধানের কার্যকর সংযোগ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানের ‘অ্যাকসেস–ব্যারিয়ার–অপরচুনিটি ডায়ালগ’ শীর্ষক উন্মুক্ত আলোচনায় সরকার, কূটনৈতিক মিশন, জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ ও তরুণ প্রতিনিধিরা অংশ নিয়ে জলবায়ু কর্মকাণ্ডে তরুণদের অর্থবহ অংশগ্রহণের জন্য প্রাতিষ্ঠানিক আস্থা, সক্ষমতা উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সহযোগিতার তাগিদ দেন।
