ডিসেম্বরের মধ্যে পাঁচ থেকে ছয় কোটি মানুষকে টিকা

আগামী ডিসেম্বরের মধ্যে পাঁচ থেকে ছয় কোটি মানুষ করোনা টিকা পাবেন। এতে করে দেশের প্রায় ৩০ শতাংশ মানুষ করোনা টিকার আওতায় আসবে।

মঙ্গলবার, রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান।

তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে ১৬ কোটি জনসংখ্যার মধ্যে পাঁচ থেকে ছয় কোটি মানুষকে আমরা টিকার আওতায় নিয়ে আসতে পারবো’। 

তিনি জানান, করোনা ব্যবস্থাপনা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। স্বাস্থ্যখাত নিয়ে সংসদে সমালোচনা হয়েছে। তবে অনেক দেশের তুলনায় করোনা ভালো মোকাবেলা করা গেছে।

দেশের অন্যতম শীর্ষ এই ব্যবসায়ী বলেন, টিকা আমরা বেসরকারি খাতে দেইনি। শতভাগ সরকারিভাবে টিকাকরণ করা হয়েছে। অন্যান্য দেশে সরকারের পাশাপাশি বেসরকারি মাধ্যমেও টিকাকরণ করা হয়েছে। সরকারি কমকর্তাদের অক্লান্ত পরিশ্রমেই কিন্তু এই সফলতা’।

আরও পড়ুন: স্কুলের শিক্ষার্থীদের তালিকা তৈরি হলেই টিকা: স্বাস্থ্যমন্ত্রী

অন্যান্য দেশের তুলনায় করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে কম মানুষ মারা গেছে উল্লেখ করে তিনি বলেন, ২৭ হাজারের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ভারত ও আমেরিকায় সাড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ করোনায় মারা গেছে।