দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০৪ জনে।
মঙ্গলবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০৬ জনের। দৈনিক শনাক্তের হার এক দশমিক ১৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন।
গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৩০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫৩০টি নমুনা।
এ পর্যন্ত মোটে এক কোটি ৫ লাখ ৭ হাজার ৯৪২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৯৫ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৮ শতাংশ।
আরও পড়ুন: 'ইউপি নির্বাচন উৎসবের পরিবর্তে আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে'
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুই জন পুরুষ, এক জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন এক জন এবং চট্টগ্রাম বিভাগে দুইজন। তাদের মধ্যে একজনের বয়স ছিল ৭১-৮০ বছরের মধ্যে, একজনের বয়স ছিল ৬১-৭০ বছরের মধ্যে এবং একজনের বয়স ছিল ৫১-৬০ বছরের মধ্যে।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
একাত্তর/আরএইচ