হাফপাস নিশ্চিতের আশ্বাসে ছাত্রদের আন্দোলন স্থগিত

আগামী শনিবারের মধ্যে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে ছাত্রদের হাফপাস নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনে হুশিয়ারি দিয়ে আজকের মতো আন্দোলন স্থগিত করেছে ঢাকা কলেজের ছাত্ররা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি গাড়ি আটকে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অবিলম্বে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর, শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধসহ নানা দাবিতে স্লোগান দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, এ রুটে প্রতিদিন অনেক শিক্ষার্থী চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেয়া হচ্ছে না। তাই তারা হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা বাস আটকে দিয়ে বিক্ষোভ করছেন।

আরও পড়ুন: জয়পুরহাটে আবারও জমজমাট কিডনি বেচাকেনা

তবে বিক্ষোভ চলাকালে ঢাকা কলেজের শিক্ষকরা আসেন। সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদার, কোষাধ্যক্ষ ওবায়দুল করিম রিয়াজ, দক্ষিণ হলের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আনোয়ার মাহমুদ, নিবিড় পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক অধ্যাপক সঞ্জয় বিশ্বাসসহ সিনিয়র শিক্ষকরা।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়ে তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন তারা।

এ বিষয়ে বাস মালিক-শ্রমিকদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গতকাল একই দাবিতে মহাখালীর আমতলী মোড়ে সড়ক অবরোধ করেন তিতুমীর সরকারি কলেজের শিক্ষার্থীরা।


একাত্তর/টিএ