গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে তিন জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৯৫৮ জনে।
এদিন নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২৮৪ জন। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৭৪ হাজার ৬৩৬ জনে। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ।
মঙ্গলবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গেলো ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩১৮ জন। আর এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৩৮ হাজার ৮৫৫ জন সুস্থ হয়ে উঠলেন।
মারা যাওয়াদের মধ্যে একজন ঢাকা বিভাগের ও দুইজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন। বাকি ছয় বিভাগে কোভিডে কারও মৃত্যু হয়নি।
গত এক দিনে সারা দেশে মোট ১৯ হাজার ৫৬৮টি নমুনা পরীক্ষা হয়েছে। আর দেশে এ পর্যন্ত পরীক্ষা হয়েছে এক কোটি ৭ লাখ ৬১ হাজার ৯৭৯টি নমুনা।
এ পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত অনুযায়ী মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা
অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৬১-৭০, একজন ৭১-৮০ এবং একজন ৮১-৯০ বছর বয়সের।
মৃতদের দুইজন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং একজন বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
এর আগে বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১৪ সেপ্টেম্বর তা ২৭ হাজার ছাড়িয়ে যায়।
একাত্তর/আরএইচ