শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানির অভিযোগে গ্রেপ্তার পাঁচ

রাজধানীতে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই দাবিসহ বিভিন্ন আন্দোলনে গুজব ছড়িয়ে উসকানি দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, গ্রেপ্তার পাঁচ তরুণ সাইবার ফোর্স গঠন করে রাষ্ট্রবিরোধী প্রচারণায় যুক্ত ছিলেন। 

গতকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে রাজধানীর স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৩-এর একটি দল। 

শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা জানান।

আটকরা হলেন, তাওহিদুল ইসলাম (২৬), আবদুল্লাহ আল মাহমুদ (২৯), হাবিবুর রহমান (৩১), গাজী সাখাওয়াত হোসেন (৩০) ও মো. ওয়ারেস করুণ (২৮)।

মঈন বলেন, গ্রেপ্তার এই পাঁচ তরুণ দেশের বিভিন্ন এলাকা থেকে এসে স্বামীবাগের ওই বাসায় জড়ো হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা সক্রিয়, তাদের সঙ্গে এদের যোগাযোগ হয় বিভিন্ন ক্লোজড গ্রুপের মাধ্যমে, নতুবা টেলিগ্রামে। বাংলাদেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের নীতি ও কৌশলের সঙ্গে তারা জড়িত ছিলেন।

তিনি বলেন, সম্প্রতি রাজধানীজুড়ে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল এ পাঁচ তরুণ, যা তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘স্বীকার’ করে নিয়েছেন।

মঈন বলেন, দেশ-বিদেশের নানা মাধ্যম থেকে তারা এ টাকা পেয়েছিলেন। জনমনে গুজব ছড়িয়ে অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেন। রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন ফেসবুক পেজ অ্যাডমিনদের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল।

আরও পড়ুন: জমি-ঘর-চাকরি সবই পাচ্ছেন সেই আসপিয়া

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে এই পাঁচ তরুণ বিভিন্ন দেশের ঘটনার ভিডিও ফুটেজ এডিট করে উসকানিমূলক পোস্টও দিতেন বলে জানান মঈন।

র‌্যাব গণমাধ্যম শাখার পরিচালক জানান, পাঁচ তরুণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা ফেসবুক পেজের অ্যাডমিনদের নজরদারিতে রাখা হয়েছে।



একাত্তর এসি