রাজধানীর বনানীতে একটি মার্সিডিজ প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি চালকসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১০ ডিসেম্বর) মধ্যরাতে বনানীতে বিমান বন্দর সড়কে নৌ সদর দপ্তরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- মো. আল-আমিন (৫০), মো. দুলাল (৩৫), মো. হাবিব (৩০), মো. রাসেল (৩৫) এবং মো. বেলাল(৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, এয়ারপোর্ট রোডে বেপরোয়া গতিতে আরেক গাড়ির সাথে রেসিং করেছিলো মার্সিডিজ কারটি। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নৌ সদর দপ্তরের সামনে একটি সিএনজিকে ধাক্কা দিলে সেটি উল্টে, দুমড়ে-মুচড়ে যায়। সিএনজি চালকসহ পাঁচজন আহত হয় এতে।
আরও পড়ুন: বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে হত্যা
বনানী থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন বলেন, গাড়ি দুইটি দ্রুতগতিতে পাশাপাশি আসছিল। এক পর্যায়ে সিএনজিতে লাগিয়ে দিলে দুর্ঘটনা ঘটে। ঘটনার পর প্রাইভেটকার চালক জিন্নাত পালিয়ে গেলেও, তার বন্ধু মুশফিককে প্রত্যক্ষদর্শীরা আটক করে পুলিশে হস্তান্তর করে।
দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে গাঁজাসহ আরও কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো