রাজধানীতে সীমিতভাবে বুস্টার ডোজ শুরু

দেশে আজ থেকে শুরু হয়েছে করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ। পরীক্ষামূলকভাবে দেয়ার এক সপ্তাহ পর, আজ আনুষ্ঠানিকভাবে এ টিকা দেয়া শুরু হচ্ছে।

প্রাথমিকভাবে সীমিত পরিসরে রাজধানীতে এ কার্যক্রম শুরু হলেও, পর্যায়ক্রমে সারাদেশে এর পরিধি বাড়ানো হবে। 

অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হচ্ছে। দেশে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হচ্ছে। 

আগের দুই ডোজ যে কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, ওই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ দেওয়ার জন্য এসএমএস পাঠানো হচ্ছে। যাদের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার মেয়াদ ৬ মাস পার হয়েছে, পর্যায়ক্রমে তাদের মোবাইল নম্বরে এসএমএস যাবে। 

কেবল এসএমএস পাওয়া ব্যক্তিরা করোনা টিকার বুস্টার ডোজ দিতে পারবে। এদিকে, প্রথম দিন টিকা দিতে এসে অনেকেই ভোগান্তিতে পরেন। টিকা দেয়ার জন্য টিকা কার্ডের প্রয়োজন হলেও বেশিভাগ মানুষ টিকা সনদ নিয়ে আসায় এ ভোগান্তি। 

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রথম দিনে কিছুটা সমস্যা হলেও বেশিরভাগ মানুষ সুন্দরভাবে টিকা দিচ্ছে। আগামী সাত দিন যারা টিকা গ্রহণ করবে তাদের এসএমএস দেয়া হয়েছে। গেলো নভেম্বরের মাঝামাঝিতে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হবার পর উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও বুস্টার ডোজের পরিকল্পনা করে সরকার।


একাত্তর/ এনএ