দক্ষিণ এশিয়ায় পর্যটন খাতের সম্মানজনক প্ল্যাটফর্ম ‘সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৬’-এর দশম আসরে তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের আতিথেয়তা শিল্প প্রতিষ্ঠান সায়মান হোটেল ব্র্যান্ড। এর মাধ্যমে টানা অষ্টম বছরের মতো এই আন্তর্জাতিক আয়োজনে পুরস্কার অর্জনের ধারাবাহিকতা বজায় রাখল ছয় দশকের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি।
সোমবার (১২ অক্টোবর) সায়মান বিচ রিসোর্ট কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত আট অক্টোবর মালদ্বীপের রাজধানী মালেতে আয়োজিত সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৬-এর জমকালো অনুষ্ঠানে সায়মানের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ক্লাস্টার জেনারেল ম্যানেজার পূবূদূ ফার্নান্দো।

সায়মানের অর্জিত তিনটি পুরস্কার হলো- বাংলাদেশের শীর্ষ রিসোর্ট ও হোটেল ব্র্যান্ড, বাংলাদেশের শীর্ষ সমুদ্রসৈকত হোটেল (সায়মান বিচ রিসোর্ট) ও
বাংলাদেশের শীর্ষ ঐতিহ্যবাহী হোটেল ও রিসোর্ট (সায়মান হেরিটেজ)
কক্সবাজারে অবস্থিত সায়মান বিচ রিসোর্ট অতিথিদের আধুনিক সমুদ্রসৈকতকেন্দ্রিক অবকাশযাপনের সেবা দিয়ে আসছে। অন্যদিকে, সায়মান হেরিটেজ ঐতিহাসিকভাবে পরিচিত ‘সায়মান’ নামের সুদীর্ঘ ঐতিহ্য ও ইতিহাসকে বহন করে চলেছে। ১৯৬৪ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে অতিথিদের আতিথেয়তা প্রদান করে আসছে।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে সায়মান বিচ রিসোর্ট ও সাইমান হেরিটেজের ক্লাস্টার জেনারেল ম্যানেজার পূবূদূ ফার্নান্দো বলেন, এই অর্জন আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি সদস্যের সম্মিলিত সাফল্য ও নিষ্ঠার প্রতিফলন। আমাদের নিবেদিত প্রাণ সহকর্মী, সম্মানিত অতিথি, বিশ্বস্ত অংশীদার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে কক্সবাজার ও বাংলাদেশের আতিথেয়তার সুনাম আরও সুদৃঢ় করতে আমাদের অনুপ্রাণিত করবে।
