রায়েরবাগে আট তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর রায়েরবাগে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় আট তলা থেকে নিচে পড়ে রুবেল (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার (৩ জানুয়ারি) সকালে রায়েরবাগ মসজিদ গলিতে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রুবেলের।

এই ঘটনায় আহত হয়েছেন নয়ন (২৫) নামে আরও এক শ্রমিক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে নির্মাণাধীন ভবনটিতে রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন রুবেল ও নয়ন। এ দিন সকালে ভবনটি  অষ্টম তলায় মাচা বেঁধে কাজ করছিল রুবেল ও নয়ন। এমন সময় মাচাটি ভেঙে তারা নিচে পড়ে যান। ঘটনাস্থলেই মারা যান রুবেল।

আরও পড়ুন: পাকিস্তানের সেই মন্দিরে ভারতীয় পুণ্যার্থীদের প্রার্থনা

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার গণমাধ্যমকে জানান, নির্মাণাধীন ভবনের আট তলায় কাজ করার সময় নিচে পড়ে গিয়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

রুবেল রাজশাহী গোদাগাড়ী উপজেলার তাহাজুল ইসলামের ছেলে। আহত নয়নও একই উপজেলার বাসিন্দা। 


একাত্তর/আরবিএস