নতুন বছরে পুরোনো চেহারায় করোনা

গত বছরের শেষ দিকেও করোনার লাগাম টানা থাকলেও নতুন বছরের শুরুতেই এর ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণে স্বাস্থ্য অধিদপ্তর যে বার্তা দিলো তাতে করোনা পুরোনো চেহারায় ফেরা হয়তো সময়ের ব্যাপার মাত্র।

গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ২১ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন ৮৯২ জন। দৈনিক শনাক্তের হার চার দশমিক ২০।

এদিন করোনায় মারা গেছেন আরও তিনজন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯০ জন।

বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। একদিনে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ২১২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়াদের সবাই নারী। তাদের মধ্যে রয়েছেন ঢাকায় দুই ও রাজশাহী বিভাগে একজন। মৃতদের সবারই বয়স ষাটের বেশি এবং তিনজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন: অভিযান-১০ লঞ্চের মালিককে গ্রেপ্তার দেখালো পুলিশ

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।


একাত্তর/এসি