ঢাকা ও রাঙামাটির পর আরও ১০ জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া মধ্যম ঝুঁকির তালিকায় ৩২টি জেলাকে রাখা হয়েছে।
বুধবার (১৯ জানুয়ারি) গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে নিজেদের ওয়েবসাইটে এসব জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
উচ্চ ঝুঁকিতে থাকা জেলাগুলো হচ্ছে গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, চট্টগ্রাম, লালমনিরহাট, খাগড়াছড়ি ও পঞ্চগড়। এদেরকে চিহ্নিত করা হয়েছে 'রেড জোন' হিসেবে।
মধ্যম ও নিম্ন ঝুঁকির জেলাসমূহকে যথাক্রমে 'ইয়েলো' ও 'গ্রিন' জোনে রাখা হয়েছে।
এর আগে ১২ জানুয়ারি ঢাকা ও রাঙামাটিকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ঝুঁকিমুক্ত রয়েছে ১৬টি জেলা।
আরও পড়ুন: অনশনে শাবিপ্রবি শিক্ষার্থীরা, আন্দোলনে শিক্ষকরাও
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৪০৭ জনের। আগেরদিন আক্রান্ত হয়েছিলেন ছয় হাজার ৬৭৬ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপর আগের সব রেকর্ড ভেঙে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়ে।
একাত্তর/এসজে