একাত্তর টেলিভিশনের চিত্র সাংবাদিক আনোয়ারুল ইসলাম আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৩ বছর।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কারওয়ান বাজার অফিসে আসরের নামাজ পড়া অবস্থায় তিনি জ্ঞান হারান। পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মীরা জানান, বিকেল চারটার দিকে দিনের অ্যাসাইনমেন্ট শেষ করে একাত্তর টেলিভিশনের কারওয়ান বাজার অফিসে ফেরেন আনোয়ার। অফিসে ফিরে আসরের নামাজ পড়া অবস্থায় তিনি অজ্ঞান হয়ে যান। এরপর সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ছেলেকে শেষ বার্তা: ‘ভুল করলে ক্ষমা কোরো, অভিযানে যাচ্ছি’
আনোয়ারুল ইসলাম প্রায় একযুগ ধরে একাত্তর টেলিভিশনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি এফডিসির তালিকাভুক্ত একজন ক্যামেরাপার্সন ছিলেন।
দীর্ঘদীন তিনি এফডিসিতে ক্যামেরাম্যান হিসেবে কাজ করেন। এরপর ২০১২ সালে একাত্তরের সাথে যুক্ত হন তিনি।
এফডিসিতে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে কয়লা (২০০৩), বাজার (২০০৪), খেশারত, ময়দান, পাগল মানুষ (২০১০)। এছাড়া তিনি ক্যামেরা এ্যাসিস্ট্যানট এ্যাসোসিয়েশনের সদস্যও ছিলেন।
ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারেরও সক্রিয় সদস্য আনোয়ার দেশের বহু জনপ্রিয় সিনেমার চিত্রগ্রাহক হিসেবেও কাজ করেছেন।
গাইবান্ধার সন্তান আনোয়ারুল ইসলাম ব্যক্তিগত জীবনে এক কন্যাসন্তানের জনক। তার মৃত্যুতে শোকাহত একাত্তর পরিবার।