রাজধানীতে ট্রেনে কাটা পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মো. আবদুল্লাহ (২৮)। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতীতে। আবদুল্লাহ একটি হোমিওপ্যাথিক কলেজের শিক্ষার্থী ছিল।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির কনস্টেবল মমিনুল ইসলাম বলেন, কমলাপুর থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রেন বিমানবন্দর পার হওয়ার সময়ে এক নম্বর প্ল্যাটফর্ম পার হতে গিয়ে আবদুল্লাহ ট্রেনের নিচে কাটা পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১টায় তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বুধবার থেকে ট্রেনের সব আসনে যাত্রী
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে এবং স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে বলেও বাচ্চু মিয়া।
একাত্তর/এসি