ভালোবাসা দিবসে ফুল কিনতে গিয়ে প্রাণ গেলো যুবকের

ভালোবাসা দিবসের ফুল কিনতে গিয়ে রাজধানীর মৎস্য ভবনের অদূরে হাইকোর্টের সামনের সড়কে দুর্ঘটনায় মো. দিপু নামে (২৬) যুবক নিহত হয়েছেন। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

আরও পড়ুন: নিখোঁজের ২৬ দিন পর কবর থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিহতের খালাতো ভাই মো. মাহবুব জানান, দিপু'র গ্রামের বাড়ি বরিশালে। তার মা মারা যাওয়ার পর থেকে যাত্রাবাড়ীর মৃধা বাড়ি এলাকায় মামা মোশাররফের বাসায় থাকতেন। তার বাবার নাম জামাল সরদার। দুই ভাইয়ের মধ্যে দিপু ছিলেন বড়। 

তিনি জানান, আজ ভালোবাসা দিবস আর তাই দিপু ভোর আনুমানিক চারটার দিকে ফুল কেনার উদ্দেশ্যে শাহবাগ এলাকায় গিয়েছিলেন। 

ভোরে মৎস্য ভবনের অদূরে হাইকোর্টের সমনে রাস্তায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। লোকজনের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।


একাত্তর/এসজে