সাতদিন পর আজ করোনায় নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে। এসময়ে করোনা শনাক্তের হার গত দিনের তুলনায় কমেছে। নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। গতকাল এ সংখ্যা ছিলো ৫১।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে যতো লোক করোনায় আক্রান্ত হয়েছেন তার থেকে প্রায় ১০ গুণ মানুষ বেশি সুস্থ হয়েছেন। গেলো ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হলেও আগের ২৪ ঘণ্টায়ও এ সংখ্যা ছিলো শূন্য।
সোমবার (১৮ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ৫ হাজার ৪০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ০ দশমিক ৬৭। আগের দিন এই হার ছিল শূন্য এক দশমিক ০৪।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ০১ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ১২৬ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ৩৫৫ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৮ লাখ ৯১ হাজার ১৯৭ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯৬ দশমিক ৮৭ শতাংশ।
আরও পড়ুন: অনুমোদন ছাড়া বেতার যন্ত্রপাতি স্থাপন না করার অনুরোধ
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬২ লাখ ২৩ হাজার ৬৪৫ জনের। সুস্থ হয়েছেন ৪৫ কোটি ৬০ লাখ ৬৬ হাজার ৭৮৯ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫০ কোটি ৪৮ লাখ ৩৪ হাজার ৪৭৬ জন।
একাত্তর/আরএ