শাহবাগের সড়কে ট্রাকের ধাক্কায় স্কুল পড়ুয়া দুই সন্তানসহ বাবা আহত হয়েছেন। তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১৫ জুন) সকালে দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে স্কুলে যাওয়ার পথে রাজধানীর শাহবাগের হাইকোর্ট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, মাকসুদুল কায়ছার রয়েল (৪৫), মেয়ে রোজমি জাহান রাফা (১৩) ও ছেলে তানভির আহামেদ (৯)। তারা যাত্রাবাড়ীর বিবির বাগিচার বাসিন্দা।
আহত মাকসুদুল কায়ছার রয়েল বিমান বাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার। রাফা বি এফ শাহিন স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ও তানভির ৩য় শ্রেণির ছাত্র।
আহত মাকসুদুলের শ্যালক মো. লিটন জানান, যাত্রাবাড়ির বাসা থেকে সকালে তার ভগ্নিপতি ভাগ্নেদের নিয়ে মোটরসাইকেলে ক্যান্টনমেন্ট বি এফ শাহীন স্কুল কলেজের উদ্দেশ্যে বের হন। পরে পথে তারা দুর্ঘটনার শিকার হন।
আরও পড়ুন: বুধবার থেকে দক্ষিণ সিটির অভিযান, চলবে চার মাস
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, বাবা-মেয়ে দু’জনের অবস্থা আশংকাজনক।
তিনি আরো জানান, হানিফ ফ্লাইওভার হয়ে হাইকোর্টের দিকে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় তারা আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
একাত্তর/আরএ