করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নামে প্রতারণার চাঞ্চল্যকর মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীসহ আট জনের বিরুদ্ধে ১৯ জুলাই রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত।
বুধবার (২৯ জুন) সকালে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেন রায় ঘোষণার জন্য এ দিন ঠিক করেন। এর আগে গত ১১ মে আদালতে আত্মপক্ষ সমর্থনে সাবরিনা ও আরিফ নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চেয়েছেন।
গত বছরের ২০ আগস্ট ঢাকা ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরাফুজ্জামান আনছারীর আদালত এ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
২০২০ সালের ৫ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালতে সাবরিনা ও আরিফসহ আটজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। চার্জশিটে সাবরিনা ও আরিফকে ঘটনার মূলহোতা বলে উল্লেখ করা হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।
মামলা সূত্রে জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে।
এই অভিযোগে ২০২০ সালের ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয় এবং দুজনকে গ্রেফতার করা হয়।একাত্তর/এআর