কর্মস্থলে ফিরছে মানুষ, চাপ নেই বাস-ট্রেন ও লঞ্চে

ঈদ শেষে কোনো ভোগান্তি ছাড়াই রেল ও সড়কপথে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। ছুটি শেষে মঙ্গলবার প্রথম কর্মদিবস হলেও খুব কম মানুষই এদিন ঢাকা ফিরেছেন। 

তবে, ঈদের সময়ের ঝক্কি এড়িয়ে বিপুল সংখ্যক মানুষ এখনো রাজধানী ছাড়ছেন। ফলে বাস থেকে শুরু করে ট্রেন ও লঞ্চ টার্মিনালে এখন দ্বিমুখী মানুষের ভিড়। 

ঈদের ছুটি শেষ। এবার কর্মস্থলে ফেরার পালা। ঈদ শেষে প্রথম কর্মদিবস ছিলো মঙ্গলবার। সেটি মাথায় রেখে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। 

সঙ্গে নিয়ে ফিরছেন প্রিয়জনের সাথে কাটানো ঈদ আনন্দের অসাধারণ সব মুহূর্ত। তবে ফেরার পথে তেমন কোন ভোগান্তি পোহাতে হচ্ছে না সড়ক-ট্রেন ও নৌপথে। 

সকাল থেকে সবগুলো ট্রেনই নির্ধারিত সময়েই রাজধানীতে ফিরেছে। তবে, কমলাপুর রেল স্টেশনে আসা কোন ট্রেনেই ছিলো না যাত্রীর চাপ। 

যাওয়ার সময় যে প্রচণ্ড ভিড় আর ট্রেনের শিডিউল বিপর্যয়ে নাস্তানাবুদ হতে হয়েছিলো ঘরমুখো মানুষকে, তারাই মঙ্গলবার ঢাকায় ফেরেন কোন ভোগান্তি ছাড়াই। 


তবে যত মানুষ রাজধানীতে ফিরেছেন। তার দ্বিগুণ মানুষ এখন ট্রেনে রাজধানী ছাড়ছেন। মূলত ঈদের সময় ভোগান্তির কথা ভেবে যারা ছুটি নেননি, তারাই এখন বাড়ি যাচ্ছেন।

মঙ্গলবার কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেলো সকালের দিকে যাত্রীদের কিছু চাপ থাকলেও এগারোটার পরে আসা ট্রেনগুলোতে একেবারেই চাপ ছিলো না।

পাবনার ঈশ্বরদী থেকে আসা এক যাত্রী জানান, কাজে যোগ দিতে চলে এসেছেন। তবে পরিবার রেখে এসেছেন বাড়িতে। এমন অনেকেই একা ফিরেছেন পরিবার বাড়িতে রেখে এসেছেন। 

তবে এদিনও ঘরমুখো মানুষের চাপ দেখা গেলো কমলাপুর রেলওয়ে স্টেশনে। যারা ইদের সময় বাড়ি যেতে পারেননি তারা এবার ছুটছেন। ঈদের সময় ভিড় এড়াতেই এই যাত্রা। 

রেলের মতো সড়কপথেও ছিলো প্রায় একই রকমের চিত্র। সড়কে যানজটের কারণে ভোগান্তিতে পড়া মানুষ পথে কোন ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরেছেন।

দেশের বিভিন্ন রুটে চলাচল করা দূরপাল্লার গণপরিবহনে সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের দিকে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ লক্ষ করা গেছে।

গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তানের বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মজীবীরা পরিবার-পরিজন নিয়ে ঢাকায় আসছেন। 

বিশেষ করে যাদের ছুটি হয়েছে, তারা কর্মক্ষেত্রে যোগ দিতে ঢাকায় ফিরছেন। এ নিয়ে কেউ কেউ আক্ষেপ করে বলেন, এভাবে তিন দিনের জন্য বাড়িতে গিয়ে কষ্ট আরও বাড়ে।

আরও পড়ুন: সাত ঘণ্টা পর সিলেট রুটে ট্রেন চলাচল শুরু

মঙ্গলবার বিকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়েও দেখা গেলো কর্মস্থলে ফেরার মিছিল। তবে তেমন চাপ নেই। যাদের কাজে যোগ দিতেই হবে, কেবল তারাই ফিরছেন। 


বেশির ভাগ লঞ্চ ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে। ভোর থেকে সদরঘাটে ফেরা লঞ্চগুলোতেও যাত্রী চাপ কম ছিলো। অনেকে টার্মিনাল থেকে অফিসে চলে গেছেন। 

আগামী দুই দিনও অনেকটা ঢিলেঢালা থাকবে রাজধানীমুখী মানুষের চাপ। তবে শুক্র ও শনিবার সব পথেই রাজধানীতে ফেরা মানুষর চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 


একাত্তর/এসি