রাজধানীর পল্টনের স্টেডিয়াম গেটের সামনে পুলিশের রেকারের চাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মাহাতাব আহামেদ (১৭)। তিনি ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ কেরাণীগঞ্জ শাখার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
মাহাতাব মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাউসাদগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ওয়ারীতে পরিবারের সাথে থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে মাহাতাব দ্বিতীয়।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দশটার দিকে মাহাতাবকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও পথচারী রফিক জানান, ছেলেটা মোটরসাইকেল নিয়ে ডি আই টির দিকে যাওয়ার সময় স্টেডিয়ামের ৩নং গেটের সামনে পুলিশের একটি রেকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে আসি।
নিহত মাহাতাব এর বোন সাবিহা জান্নাত অর্পা জানান, আমরা মাকে নিয়ে শান্তিনগর পপুলার হাসপাতালে ছিলাম, সংবাদ পেয়ে হাসপাতালে এসে ভাইকে মৃত দেখতে পাই। আমার ভাই ওয়ারী এলাকার তার এক বন্ধুর থেকে মোটরসাইকেলের চাবি নিয়ে ঘুরতে বের হয়। তারপর শুনতে পাই আমার ভাইকে স্টেডিয়ামের ৩নং গেটের সামনে পুলিশের রেকার চাপা দিয়েছে।
আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, আহত ১০
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
একাত্তর/আরএ