কেরানীগঞ্জে আগুন: দগ্ধ ছয়জনেরই মৃত্যু হাসপাতালে

ঢাকার কেরানীগঞ্জ থানার জিনজিরা মান্দাইল এলাকায় গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে মোহাম্মদ ইয়াছিন (১২) নামের চিকিৎসাধীন শিশুটিও মারা গেছে। ফলে এ দুর্ঘটনায় দগ্ধ ছয় জনেরই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ইয়াছিন মারা যায়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জের আগুনের ঘটনায় মোহাম্মদ ইয়াছিন নামে আরো একজনের মৃত্যু হয়েছে। তার শরীরে ৪০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দগ্ধ ছয় জনই মারা গেলেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে জাল নোটসহ আটক চার

এর আগে গত ৩০ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে মান্দাইল এলাকার ওই বাসায় গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ছয় জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থা পর্যায়ক্রমে তাদের মৃত্যু হলো।


একাত্তর/আরএ